বাংলাদেশের তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়ে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী সিওয়ার্ড সিওয়ার্ডসমার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীনের বরাত দিয়ে বৈঠকের বিষয়গুলো জানানো হয়।
বৈঠকে তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং প্রকল্পটিতে নেদারল্যান্ডসের কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পানি সম্পদ ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদী, ভূমি পুনরুদ্ধার, চর উন্নয়ন এবং জলবায়ু-সহনশীল নদী ব্যবস্থাপনাতেও দুই দেশের সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপভিত্তিক দেশ। ফলে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার সুযোগ রয়েছে। বিশেষ করে ভূমি পুনরুদ্ধারে নেদারল্যান্ডসের অভিজ্ঞতার বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ এবং কৃষি খাতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বাংলাদেশ জানায়, এর মূল কারণ মিয়ানমারে এবং সেখানে টেকসই সমাধান নিশ্চিত করা প্রয়োজন। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করে সরকার। এ লক্ষ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।
বৈঠকে গণতন্ত্র সুসংহত করা ও মানবাধিকার সুরক্ষার বিষয়েও আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেদারল্যান্ডস সফরের আমন্ত্রণ জানান সিওয়ার্ড সিওয়ার্ডসমা।
এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।