বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মারাগ্য পাড়া এলাকায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। গর্তে পড়ে একটি বাচ্চা হাতির মৃত্যু হয়েছে, আর তার পাশে দাঁড়িয়ে দীর্ঘ সময় পাহারা দিয়েছে দুটি পূর্ণবয়স্ক হাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে একটি হাতির পাল খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে। মানুষের তাড়া খেয়ে পালটি গহীন পাহাড়ে ফিরে যাওয়ার চেষ্টা করে। এ সময় গত মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সোনাইছড়ির মারাগ্য পাড়ার পশ্চিম পাশে একটি মাছের প্রজেক্টের গর্তে পড়ে যায় হাতির শাবকটি।
তবে মা হাতি আশপাশে অবস্থান করায় ভয়ে কেউ শাবকটিকে উদ্ধার করতে এগিয়ে যেতে পারেননি। পরে শাবকটি মারা গেলে সেটিকে ঘিরে দুটি পূর্ণবয়স্ক হাতি দীর্ঘ সময় দাঁড়িয়ে পাহারা দিতে থাকে।
সোনাইছড়ি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা চিকিৎসক ছ্যালা থোয়াই মার্মা জানান, মানুষের চাপে হাতির পালটি দিকভ্রান্ত হয়ে পড়ে। গর্তে পড়ে যাওয়ার পরও মা হাতির উপস্থিতির কারণে কেউ এগিয়ে যেতে পারেননি।
খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গেলেও দুটি হাতির উপস্থিতির কারণে তারা কাছে যেতে পারেননি। বুধবার (১ এপ্রিল) সকালেও একই পরিস্থিতি থাকায় ফিরে আসেন তারা।
অবশেষে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে হাতি দুটি সেখান থেকে চলে গেলে বন বিভাগের কর্মীরা মৃত শাবকটির ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেন।
নাইক্ষ্যংছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তানভীর হোসেন জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কেউ আক্রমণ করে থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে পাহাড় কেটে বনভূমি উজাড় হওয়ার ফলে হাতির স্বাভাবিক আবাসস্থল নষ্ট হচ্ছে। খাদ্যের অভাবে তারা লোকালয়ে চলে আসছে, ফলে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাত বাড়ছে।