বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ছয় মাসের চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত আবদুল্লাহ

স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে মোট ১৫ দফা সমাধান প্রস্তাব দেওয়ার কথা জানিয়ে বিশেষ সংসদীয় অধিবেশনের আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ।

বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলকে ছয় মাসের মধ্যে পরিকল্পনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করেছেন হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বিরোধী দলকে ছয় মাসের আল্টিমেটাম দিয়ে চ্যালেঞ্জ করেছেন। এর জবাবে তিনি বলেন, ‘আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং সমাধান পরিকল্পনা প্রস্তাব করছি।’

হাসনাত আবদুল্লাহর দাবি, প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দেওয়ার আগেই বিদ্যুৎ সংকট সমাধানে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বল্পমেয়াদে ৩০ দিন, মধ্যমেয়াদে ৬ থেকে ১৮ মাস এবং দীর্ঘমেয়াদে বিভিন্ন পদক্ষেপসহ মোট ১৫ দফা সমাধান প্রস্তাব করেছেন।

বিদ্যুৎ খাতের বিভিন্ন নীতি ও ব্যবস্থাপনা নিয়েও বিরোধী দলের সদস্যরা বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি জ্বালানি নীতি, ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান এবং ডিজাস্টার রিকভারি প্ল্যানের বিষয়েও সমাধানধর্মী প্রস্তাবের কথা তুলে ধরেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, নাগরিক সমাজ ও গবেষণা প্রতিষ্ঠান থেকেও বিদ্যুৎ সংকট নিয়ে বিভিন্ন মতামত এসেছে। জাতীয় দৈনিক ও বিভিন্ন সেমিনারেও এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ থাকা সত্ত্বেও এসব প্রস্তাব তাঁর কাছে পৌঁছায়নি বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। এ ঘটনাকে তিনি ‘লজ্জার কথা’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দুই মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী মিলিয়ে ৬২ জনের সভাসদ থাকার পরও নাগরিক মতামত বা বিরোধী দলের প্রস্তাব গ্রহণের উদাহরণ তিনি দেখেননি। তাঁর মতে, বিষয়টি শুধু নীতির নয়, সংশ্লিষ্ট টিমের কার্যকারিতা ও যোগ্যতার সঙ্গেও সম্পর্কিত।

পোস্টে হাসনাত আবদুল্লাহ জানান, এনসিপির পক্ষ থেকে বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্পমেয়াদে পাঁচটি, মধ্যমেয়াদে ছয়টি এবং দীর্ঘমেয়াদে চারটি—মোট ১৫টি সমাধান প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে এসব প্রস্তাব পড়ে দেখার আহ্বানও জানান তিনি।

এ ছাড়া বিদ্যুৎ সংকট নিয়ে আলোচনার জন্য বিরোধী দল থেকে বিশেষ সংসদীয় অধিবেশন আহ্বানের অনুরোধ জানানো হয়েছে বলেও জানান হাসনাত আবদুল্লাহ।

Facebook Post