আলো, আনন্দ ও প্রার্থনার মধ্য দিয়ে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে উদ্যাপিত হয় দীপাবলি বা দিওয়ালি। অন্ধকারের ওপর আলোর এবং অশুভের ওপর শুভ শক্তির বিজয়ের প্রতীক এই উৎসবের রয়েছে দীর্ঘ সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য। ভারতীয় উপমহাদেশে এর উৎপত্তি হলেও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এর উদ্যাপন। তবে দেশভেদে দীপাবলি পালনের রীতিতে রয়েছে বৈচিত্র্য। চলুন, জেনে নেওয়া যাক পাঁচটি দেশের ব্যতিক্রমী ঐতিহ্য।
১. নেপাল: কুকুরের প্রতি সম্মান
নেপালে পাঁচ দিনব্যাপী তিহার উৎসবের দ্বিতীয় দিন পালিত হয় ‘কুকুর তিহার’। এদিন কুকুরদের গলায় ফুলের মালা পরানো, কপালে টিকা দেওয়া এবং বিশেষ খাবার পরিবেশন করা হয়। মানুষের প্রতি তাদের বিশ্বস্ততা ও আনুগত্যের স্বীকৃতি জানাতেই এই ঐতিহ্য পালন করা হয়।
২. সিঙ্গাপুর: বর্ণিল আলোকসজ্জা
সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়ায় দীপাবলি উপলক্ষে রাস্তাঘাট সাজানো হয় রঙিন আলো, তোরণ ও বিভিন্ন নকশায়। পাশাপাশি বসে ঐতিহ্যবাহী খাবার ও উপহারের বাজার। সাংস্কৃতিক আয়োজনও উৎসবের অন্যতম আকর্ষণ।
৩. মালয়েশিয়া: উন্মুক্ত বাড়ির আয়োজন
মালয়েশিয়ায় ‘ওপেন হাউস’ একটি জনপ্রিয় ঐতিহ্য। এদিন হিন্দু পরিবারগুলো ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষসহ আত্মীয়স্বজন ও বন্ধুদের বাড়িতে আমন্ত্রণ জানায়। অতিথিদের পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্ন।
৪. ত্রিনিদাদ ও টোবাগো: দীপাবলি নগরী
ত্রিনিদাদ ও টোবাগোতে ‘দীপাবলি নগরী’ নামে একটি বার্ষিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। এখানে ধর্মীয় অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খাবার, সংগীত, নৃত্য ও পোশাকের প্রদর্শনীর আয়োজন করা হয়।
৫. গায়ানা: দীপাবলি মোটরকেড
গায়ানায় দীপাবলির অন্যতম আকর্ষণ ‘দীপাবলি মোটরকেড’। এ আয়োজনে গাড়ি ও ভ্রাম্যমাণ মঞ্চগুলো রঙিন আলো এবং ধর্মীয় প্রতীকে সাজিয়ে শোভাযাত্রা বের করা হয়। হাজারো মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে এই আয়োজন উপভোগ করেন।
বিশ্বের বিভিন্ন দেশে দীপাবলি উদ্যাপনের ধরন আলাদা হলেও এর মূল বার্তা একই—আলো, আশা ও শুভ শক্তির বিজয়। ভিন্ন ভিন্ন ঐতিহ্যের মধ্য দিয়ে এই উৎসব বিশ্বজুড়ে সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতির পরিচয় বহন করে।
Follow For More