শ্বাসকষ্টে আক্রান্ত গুরুতর রোগীর জীবন বাঁচাতে চিকিৎসকদের অন্যতম ভরসা হলো মেকানিক্যাল ভেন্টিলেটর।প্রশ্ন হচ্ছে ভেন্টাস কি?
ভেন্টাস একটি যন্ত্রের নাম যার মাধ্যমে রোগী্র ফুসফুস যখন স্বাভাবিকভাবে পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে পারে না, তখন এই কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র নিয়ন্ত্রিতভাবে ফুসফুসে অক্সিজেন সরবরাহ করে এবং শরীরে প্রয়োজনীয় শ্বাসপ্রশ্বাস বজায় রাখতে সহায়তা করে।
সাধারণত নিউমোনিয়া, গুরুতর ফুসফুসের সংক্রমণ, সড়ক দুর্ঘটনা, বড় অস্ত্রোপচারের পর কিংবা আইসিইউতে ভর্তি সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে জরুরি ও নিবিড় পরিচর্যা (ICU) সেবা এখনো চাহিদার তুলনায় সীমিত। বিশেষ করে জেলা ও সরকারি হাসপাতালগুলোর অনেকগুলোতেই পর্যাপ্ত আইসিইউ, কার্যকর ভেন্টিলেটর এবং প্রশিক্ষিত জনবলের অভাব রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ১,৬৬৯টি ভেন্টিলেটর রয়েছে। তবে এসব যন্ত্র দেশের সব হাসপাতালে সমানভাবে কার্যকর বা সহজলভ্য নয়। বাস্তবে অনেক হাসপাতালের ভেন্টিলেটর দীর্ঘদিন অচল থাকায় সংকটাপন্ন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করতে হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ২২টি ভেন্টিলেটরের একটিও একসময় সচল ছিল না, আর গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের ১০টির মধ্যে ৯টি ভেন্টিলেটর অচল থাকার খবর প্রকাশিত হয়েছে। পাশাপাশি রাজশাহী বিভাগে ৯৪টি আইসিইউ শয্যার মধ্যে ৪৪টি জনবল সংকটের কারণে ব্যবহার করা যাচ্ছিল না। এই বাস্তবতা দেখায়, দেশে সহজলভ্য ও স্বল্পমূল্যের আধুনিক ভেন্টিলেটর প্রযুক্তির প্রয়োজনীয়তা কতটা বেশি।
এমন বাস্তবতার মধ্যেই বাংলাদেশের চিকিৎসক ও প্রকৌশলীদের যৌথ উদ্যোগে তৈরি স্বল্পমূল্যের দেশীয় মেকানিক্যাল ভেন্টিলেটর ‘ভেন্টাস (VENTUS)’ সফলভাবে প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছে। এই উদ্ভাবনের নেতৃত্ব দেন ডা. আসিফ উর রহমান, ডা. সিফায়েত এনাম স্বাক্ষর এবং প্রকৌশলী বায়েজিদ শুভ। স্থানীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় ভবিষ্যতে এটি তুলনামূলক কম খরচে উৎপাদন করে দেশের আরও বেশি হাসপাতাল, বিশেষ করে জেলা পর্যায়ে সরবরাহ করা সম্ভব হতে পারে।
দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘ভেন্টাস’ শুধু একটি নতুন চিকিৎসা যন্ত্র নয়; এটি বাংলাদেশের স্বাস্থ্যসেবায় প্রযুক্তিগত সক্ষমতা, স্বনির্ভরতা এবং জরুরি চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে, দেশেই উন্নতমানের ভেন্টিলেটর উৎপাদন সম্ভব হলে আমদানিনির্ভরতা কমবে, জরুরি মুহূর্তে দ্রুত সরবরাহ নিশ্চিত হবে এবং সংকটাপন্ন রোগীদের জীবন রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখা যাবে। ভবিষ্যতে এর ব্যাপক উৎপাদন ও ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের স্বাস্থ্যখাতে এটি একটি মাইলফলক হয়ে উঠতে পারে।
FAQs
Q1. ভেন্টাস (VENTUS) কী?
ভেন্টাস হলো বাংলাদেশের চিকিৎসক ও প্রকৌশলীদের যৌথ উদ্যোগে তৈরি একটি দেশীয় মেকানিক্যাল ভেন্টিলেটর, যা গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস চালু রাখতে সহায়তা করে।
Q2. ভেন্টিলেটর কেন ব্যবহার করা হয়?
যখন কোনো রোগীর ফুসফুস পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ বা কার্বন ডাই-অক্সাইড বের করতে পারে না, তখন ভেন্টিলেটর শ্বাসপ্রশ্বাসে সহায়তা করে এবং রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Q3.ভেন্টাস কি আইসিইউর বিকল্প?
না। ভেন্টাস আইসিইউর বিকল্প নয়। এটি আইসিইউতে ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ লাইফ সাপোর্ট ডিভাইস, যা গুরুতর রোগীদের চিকিৎসায় সহায়তা করে।