চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা ইয়ার্ডে দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহত ও ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাটিকে বিস্ফোরণ হিসেবে জানানো হলেও পরে চট্টগ্রাম পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিস্ফোরণের তথ্য সঠিক নয়। জাহাজের একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস লিকের কারণেই হতাহতের ঘটনা ঘটে।
শ্রমিক ও কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সকালে শ্রমিকরা একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করছিলেন। এ সময় জাহাজের একটি ট্যাংক থেকে গ্যাস বের হতে দেখা যায়। কয়েকজন শ্রমিক ট্যাংকের কাছে গেলে বিষাক্ত গ্যাসের সংস্পর্শে তারা অচেতন হয়ে পড়েন।
পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত ৮ শ্রমিক সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, ঘটনাটি বিস্ফোরণের কারণে ঘটেছে—এমন তথ্য সঠিক নয়। তিনি নিশ্চিত করেন, বিষাক্ত গ্যাস লিকের কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান জানান, জাহাজ থেকে বিষাক্ত গ্যাস লিক হওয়ার পর হতাহতের ঘটনা ঘটে।
তিনি বলেন, গ্যাস কীভাবে লিক হলো এবং শ্রমিকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।