গণমাধ্যমে দায়িত্বশীল এআই ব্যবহারে বৈশ্বিক রূপরেখা তৈরি করছে ইউনেসকো ও ওয়ান-ইফরা

গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার ও নৈতিক শাসন নিশ্চিত করতে একটি বৈশ্বিক প্রাতিষ্ঠানিক রূপরেখা তৈরি করছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো এবং ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স বা ওয়ান-ইফরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) ইউনেসকোর এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে । ‘গ্লোবাল ইনস্টিটিউশনাল ব্লুপ্রিন্ট ফর এআই অ্যাডপশন অ্যান্ড এথিক্যাল গভর্ন্যান্স ইন মিডিয়া’ শীর্ষক এই উদ্যোগটি সব ধরন ও আকারের সংবাদমাধ্যমের নেতৃত্বের জন্য একটি বাস্তবভিত্তিক নির্দেশিকা হিসেবে কাজ করবে।

ইউনেসকো জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সংবাদ উৎপাদন, পরিবেশন এবং পাঠকের কাছে পৌঁছানোর ধরন দ্রুত বদলে দিচ্ছে। এটি সংবাদকক্ষের কাজের গতি বাড়ানো, নতুন দর্শক তৈরি এবং আয়ের উৎস বৈচিত্র্যময় করার সুযোগ তৈরি করলেও বেশ কিছু বড় ঝুঁকি সামনে এনেছে। এর মধ্যে রয়েছে ভুল বা বানোয়াট তথ্য তৈরি, অস্বচ্ছ ব্যবহারের কারণে দর্শকের আস্থা কমে যাওয়া, অল্প কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা বৃদ্ধি এবং কম খরচে তৈরি হওয়া এআই-চালিত অপতথ্য শনাক্তের জটিলতা।

সংবাদমাধ্যমগুলোর সক্ষমতার বৈষম্যের বিষয়টিও এই উদ্যোগে গুরুত্ব পেয়েছে। অনেক বড় প্রতিষ্ঠান দৈনন্দিন কাজে এআই যুক্ত করলেও এখনো প্রয়োজনীয় নীতিমালা গড়ে তুলছে। অন্যদিকে ছোট ও আর্থিকভাবে দুর্বল গণমাধ্যমগুলো জনবল, অর্থায়ন ও প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে এআই মূল্যায়ন ও পরিচালনায় পিছিয়ে পড়ছে।

প্রধান সম্পাদক, নির্বাহী কর্মকর্তা, জ্যেষ্ঠ ব্যবস্থাপক এবং পরিচালনা পর্ষদের জন্য তৈরি এই রূপরেখা কৌশলগত পরিকল্পনা, অভ্যন্তরীণ নীতিমালা প্রণয়ন এবং দৈনন্দিন সম্পাদকীয় কাজ, পরিবেশন, পাঠক সম্পৃক্ততা ও আয় মডেলে এআই যুক্ত করার দিকনির্দেশনা দেবে। এতে উৎপাদনশীলতা ও আয়ের সম্ভাবনার পাশাপাশি বাস্তবায়ন ব্যয়, দক্ষতা, অবকাঠামো এবং বহিরাগত প্রযুক্তি প্ল্যাটফর্মের ওপর নির্ভরতার ঝুঁকি যাচাইয়ের উপায় থাকবে ।

ইউনেসকোর এআই নৈতিকতা বিষয়ক সুপারিশমালা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ও জেনারেটিভ এআই শাসন নির্দেশিকার ওপর ভিত্তি করে রূপরেখাটি তৈরি হচ্ছে। এতে মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যে প্রবেশাধিকার ও সম্পাদকীয় স্বাধীনতা রক্ষার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহির জন্য চেকলিস্ট, স্ব-মূল্যায়ন টুল এবং অভিযোজনযোগ্য কাঠামো যুক্ত থাকবে। এর মাধ্যমে এআই ব্যবহারের অনুমোদন, মানব তদারকি এবং পাঠকের কাছে এআই ব্যবহারের তথ্য প্রকাশের মানদণ্ড নির্ধারণ করা যাবে।

বৈশ্বিক বাস্তবতা প্রতিফলিত করতে ইউনেসকো ও ওয়ান-ইফরা সব অঞ্চলের সরকারি, বেসরকারি, কমিউনিটি, অলাভজনক এবং আর্থিকভাবে দুর্বল সংবাদমাধ্যমের সঙ্গে অন্তর্ভুক্তিমূলক পরামর্শ প্রক্রিয়া চালাবে। বর্তমানে রূপরেখাটির কাজ চলছে এবং ২০২৭ সালের প্রথমার্ধে এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের কথা রয়েছে ।

Follow for more