দেশে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। এ পর্যায়ে খুলনা ও ঢাকা বিভাগের প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষককে কর্মসূচির আওতায় আনা হবে। পরবর্তী সময়ে ৫ ডিসেম্বর রংপুর বিভাগে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। দুই ধাপ মিলিয়ে প্রায় ৪ লাখ ৪৪ হাজার কৃষক কর্মসূচির আওতায় আসবেন।
কৃষি মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, খুলনা ও ঢাকা বিভাগের প্রায় ২ লাখ ৬৯ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক বছরে ২ হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা পাবেন। এ জন্য প্রায় ৬৭ কোটি ২০ লাখ টাকা ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের (আইবাস) মাধ্যমে তাঁদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।
এদিকে, আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর বিভাগের কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পর্যায়ে বিভাগের প্রায় ১ লাখ ৫৪ হাজার কৃষককে কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তাঁদের মধ্যে প্রায় ১ লাখ ৩৭ হাজার কৃষক বছরে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাবেন। এ জন্য বরাদ্দের পরিমাণ প্রায় ৩৪ কোটি ৪৩ লাখ টাকা।
২০২৬-২৭ অর্থবছরে পরীক্ষামূলক পর্যায়ে ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে প্রায় ২৭ লাখ ৩০ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে উপজেলা কমিটি প্রায় ১৯ লাখ ১১ হাজার কৃষকের তথ্য অনুমোদন করেছে। পাশাপাশি প্রায় ১৬ লাখ ৫৬ হাজার কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে।
চলতি বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখে প্রাক্-পরীক্ষামূলক পর্যায় শেষ করে সরকার কৃষক কার্ড বিতরণ শুরু করে। পরে ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় কর্মসূচির পরীক্ষামূলক পর্যায়ের উদ্বোধন করা হয়। ওই সময় ৭৭টি উপজেলার প্রায় এক লাখ কৃষকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তার অর্থ পাঠানো হয়।
কৃষক কার্ডের মাধ্যমে নগদ সহায়তার পাশাপাশি কৃষকদের বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে ভর্তুকি ও প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ ও সেচসুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, কম খরচে কৃষিযন্ত্র এবং মোবাইল ফোনের মাধ্যমে ফসলের রোগবালাই ব্যবস্থাপনা।
এ ছাড়া কৃষি প্রশিক্ষণ, আবহাওয়া ও বাজারদরের তথ্য, শস্যবিমা এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার মতো সেবাও কৃষক কার্ডের আওতায় দেওয়ার পরিকল্পনা রয়েছে।