৩৫ বছরের স্থাপত্যচিন্তা নিয়ে ঢাকায় রফিক আজমের ‘থ্রেশহোল্ড’ প্রদর্শনী

বাংলাদেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্থপতি রফিক আজমের ৩৫ বছরের স্থাপত্যচিন্তা ও শিল্পভাবনা নিয়ে ঢাকায় শুরু হয়েছে একক প্রদর্শনী ‘Threshold: Art & Architecture’। বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (৬ নভেম্বর) ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনীটির উদ্বোধন করা হয়।

প্রদর্শনীতে জলরঙের চিত্রকর্ম, স্থাপত্যের মডেল, নির্মাণ উপকরণের নমুনা এবং বিভিন্ন উল্লেখযোগ্য প্রকল্পের মাধ্যমে শিল্প ও স্থাপত্যের সম্পর্ক তুলে ধরা হয়েছে।

বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনী গ্যালারিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস ও স্থপতি জালাল আহমেদ। এ সময় নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন রফিক আজম।

বিশিষ্ট ভিজ্যুয়াল শিল্পী তৈয়েবা বেগম লিপি ও মাহবুবুর রহমানের কিউরেশনে সাজানো প্রদর্শনীতে স্থাপত্যকে শুধু ভবন নির্মাণের মাধ্যম হিসেবে নয়, বরং মানুষের জীবন, সংস্কৃতি, প্রকৃতি ও সামাজিক বাস্তবতার সঙ্গে যুক্ত একটি শিল্পমাধ্যম হিসেবে উপস্থাপন করা হয়েছে।

প্রদর্শনীতে রফিক আজমের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ঢাকার বসুন্ধরায় আগা খান একাডেমি, মালয়েশিয়ার এসপি সেটিয়া সদর দপ্তর এবং ভুটানের থিম্পুতে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স ও রাষ্ট্রদূতের বাসভবন। আগা খান একাডেমির প্রকল্পটি ২০১৭ সালে বার্লিনে ওয়ার্ল্ড আর্কিটেকচার ফেস্টিভ্যালে ‘বেস্ট ফিউচার এডুকেশন’ পুরস্কার অর্জন করে।

এ ছাড়া ঢাকার ওসমানী উদ্যানের চলমান পুনর্নির্মাণ এবং পুরান ঢাকার রাসুলবাগ শিশু পার্কের উন্নয়ন প্রকল্পও প্রদর্শনীতে স্থান পেয়েছে। এসব কাজে সবুজায়ন, বিদ্যমান গাছ সংরক্ষণ এবং জনসাধারণের জন্য উন্মুক্ত স্থান তৈরির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

প্রদর্শনীটি পাঁচটি পরস্পরসম্পর্কিত ভাবনায় সাজানো হয়েছে। এতে কল্পনার বিকাশ, শিল্প ও স্থাপত্যের সম্পর্ক, সামাজিক শিল্প হিসেবে স্থাপত্য, সাংস্কৃতিক কূটনীতি এবং সামাজিক পরিবর্তনে স্থাপত্যের ভূমিকা তুলে ধরা হয়েছে।

রফিক আজমের ব্যক্তিগত স্মৃতি ও শৈশবের ভাবনাও প্রদর্শনীতে বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর মতে, স্থাপত্য কেবল নির্মিত ভবনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবন ও সমাজের জন্য নতুন সম্ভাবনা তৈরির একটি মাধ্যম।

আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনীটি ঘুরে দেখা যাবে।
Follow For More