দেশের প্রথম সরকারি উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো, বিনিয়োগ আকর্ষণ এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রসারই এই প্রদর্শনীর মূল লক্ষ্য।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এক্সপোটি আয়োজন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করবেন।
এক্সপোর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুতে আয় বাড়ান’। এই প্রতিপাদ্যের মাধ্যমে বাসাবাড়ি, শিল্পকারখানা ও বাণিজ্যিক ভবনের অব্যবহৃত ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে মানুষকে উৎসাহিত করা হবে।
প্রদর্শনীতে সোলার প্যানেল, ইনভার্টার, স্মার্ট এনার্জি প্রযুক্তি, আধুনিক ব্যাটারি সংরক্ষণব্যবস্থা এবং সৌরচালিত সেচব্যবস্থাসহ বিভিন্ন প্রযুক্তি ও সেবা প্রদর্শন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, উদ্যোক্তা ও সাধারণ ভোক্তাদের মধ্যে সংযোগ তৈরির জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
এক্সপো চলাকালে ‘বাংলাদেশের সৌরবিপ্লবে নীতি, মানুষ ও মূলধন’ শিরোনামে চারটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারগুলোতে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের নীতি, অর্থায়ন, কারিগরি সহায়তা, কর ও শুল্ক সুবিধা, সবুজ অর্থায়ন, কার্বন ক্রেডিট এবং দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হবে।
সরকার জানিয়েছে, সৌরবিদ্যুতের প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। এছাড়া ২০২৬–২০৩০ মেয়াদের জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়নে এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকরা বলছেন, এক্সপোটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এর মাধ্যমে সাধারণ মানুষ সৌরবিদ্যুতের সুবিধা, খরচ, প্রযুক্তি ও সরকারি প্রণোদনা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন। একই সঙ্গে বেসরকারি বিনিয়োগ বাড়িয়ে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে দেশের জ্বালানি খাতে বৈচিত্র্য আনার পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে।
Follow For More