কক্সবাজার সৈকতে প্লাস্টিক বর্জ্যে তৈরি বিশাল দানব, লক্ষ্য দূষণবিরোধী সচেতনতা

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি বিশাল দানবাকৃতির ভাস্কর্য স্থাপন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সামুদ্রিক দূষণ সম্পর্কে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ১২ অক্টোবর কক্সবাজারের জেলা প্রশাসক মো. এ মান্নান ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন করেন। পরিত্যক্ত প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি ‘প্লাস্টিক মনস্টার’ ভাস্কর্যটি আগামী চার মাস সৈকতে প্রদর্শিত হবে।

এ সময় পর্যটনবিষয়ক সচেতনতামূলক চলচ্চিত্রও দেখানো হবে। চলচ্চিত্র দেখতে প্রবেশমূল্য হিসেবে দর্শনার্থীদের দুটি পরিত্যক্ত প্লাস্টিকের বোতল জমা দিতে হবে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক জামাল উদ্দিন বলেন, সমুদ্রের সৌন্দর্য উপভোগ করলেও মানুষ প্রায়ই দূষণে নিজেদের ভূমিকার কথা ভুলে যায়। এই ভাস্কর্যের মাধ্যমে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে চান তাঁরা।

আয়োজকদের আশা, চার মাসের এই প্রদর্শনী পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে।