বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেওয়া এ অনুমোদনের ফলে বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগিয়েছে প্রকল্পটি।
কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, প্রথম ইউনিটের জন্য চূড়ান্ত ‘বি-২’ পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে ইউনিটটিতে প্রথম নিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিক্রিয়া বা ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ শুরু করার সুযোগ তৈরি হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিক্রিয়া শুরুর আগে প্রয়োজনীয় পরীক্ষা ও নিরাপত্তাব্যবস্থা যাচাই করা হবে। প্রথম ইউনিটে প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। তবে উৎপাদন শুরুর নির্দিষ্ট সময় এখনো নিশ্চিত নয়।
স্বয়ংক্রিয় চাপমুক্তকরণ নিরাপত্তা ভালভের জটিলতা সমাধানের পর সিস্টেমটি কয়েক দফা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর ফলে ডিসেম্বরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা তৈরি হয়েছে।
রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হওয়ার সম্ভাবনা রয়েছে।