রকস্টার গেমসের বহুল প্রতীক্ষিত Grand Theft Auto VI (GTA 6)-এর এক্সটেন্ডেড লুক আগামী ২৭ আগস্ট Netflix-এ প্রিমিয়ার হবে। তবে আঞ্চলিক নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশি দর্শকরা Netflix-এ এটি দেখতে পারবেন না।
Netflix-এর ওয়েবসাইটে বাংলাদেশ থেকে কনটেন্টটি ‘Unavailable’ হিসেবে দেখানো হচ্ছে। তবে বাংলাদেশে এটি কেন পাওয়া যাচ্ছে না, সে বিষয়ে Netflix নির্দিষ্ট কোনো কারণ জানায়নি।
অফিশিয়াল ঘোষণা অনুযায়ী, ২৭ আগস্ট বিকেল ৩টা ET-তে GTA 6-এর এই বিশেষ উপস্থাপনা Netflix-এ প্রিমিয়ার হবে। প্রথম ৬ ঘণ্টা এটি শুধু Netflix-এই দেখা যাবে। এরপর একই দিন রাত ৯টা ET-তে Rockstar Games-এর অফিসিয়াল YouTube চ্যানেল ও ওয়েবসাইটে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
এদিকে, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, GTA 6-এর মূল গেমটি ১৯ নভেম্বর PlayStation 5 এবং Xbox Series X/S-এর জন্য বাজারে আসতে পারে।
এছাড়া Netflix Portugal-এর একটি তালিকার সূত্র ধরে GTA 6 subreddit-এর এক ব্যবহারকারী দাবি করেছেন, এই উপস্থাপনাটি তিনটি পৃথক পর্বে বিভক্ত হতে পারে। তিনটি পর্বের মোট দৈর্ঘ্য এক ঘণ্টারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে তিন পর্বে কী দেখানো হবে, তা নিয়ে ইতোমধ্যে জল্পনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, Rockstar Games আলাদাভাবে গেমপ্লে, গল্প ও চরিত্র এবং ‘Leonida’ নামের বিশাল কাল্পনিক জগত নিয়ে বিস্তারিত তুলে ধরতে পারে।
তবে এসব বিষয়ে এখনো Rockstar Games, Take-Two Interactive কিংবা Netflix-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ফলে GTA 6-এর এক্সটেনডেড লুকে ঠিক কী থাকছে, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ২৭ আগস্টের প্রিমিয়ারের জন্য।