রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ফুড মনিটরিং অভিযান

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে একটি খাদ্য মনিটরিং ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট, ২০২৬) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের আওতায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন চত্বর ও প্রকৌশল চত্বরের প্রায় ১৫টি খাবারের দোকান পরিদর্শন করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত অভিযানিক দল প্রতিটি দোকানে খাবারের মান, খাদ্য প্রস্তুত ও পরিবেশনের পরিবেশ, স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, দোকানের পারিপার্শ্বিক পরিবেশসহ সামগ্রিক খাদ্য নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের কারণে তিনটি দোকানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দোকান মালিক ও কর্মচারীদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে যথাযথ দিকনির্দেশনা প্রদান করা হয় এবং ভবিষ্যতে অনিয়মের পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করা হয়।

কার্যক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্র উপদেষ্টা ও সহকারী প্রক্টর, হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, উপদেষ্টা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা এ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাদ্য পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি খাদ্য ব্যবসায়ীদের মধ্যে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, দোকান মালিক ও কর্মচারীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত খাদ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।