২৫০ দিনেরও বেশি সময় ধরে সাগরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। দীর্ঘ সময় সমুদ্রে থাকার পাশাপাশি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি, শৌচাগার ও ড্রেনেজ ব্যবস্থার সমস্যা এবং অতিরিক্ত কর্মচাপের কারণে জাহাজে থাকা মার্কিন সেনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মার্কিন সামরিক বিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির কারণে কয়েকজন নাবিকের মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে। এমনকি কয়েকজন জাহাজ থেকে পানিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বলে তাঁদের পরিবারের সদস্যরা দাবি করেছেন।
বিষয়টি নিয়ে মার্কিন আইনপ্রণেতারাও পেন্টাগনের কাছে ব্যাখ্যা চেয়েছেন। কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দেওয়া এক চিঠিতে রণতরিটির পরিস্থিতি তদন্তের আহ্বান জানিয়েছেন।
প্রায় ৫ হাজার মানুষ থাকা রণতরিটিতে মৌলিক রসদের সংকট, পানি নিয়ে উদ্বেগ, শৌচাগার ও ড্রেনেজ সমস্যার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের অবনতির অভিযোগের কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ মিশন নিয়ে প্রশ্ন
ইউএসএস আব্রাহাম লিংকন গত বছরের নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করে। পরে এটি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়। চলতি বছরের মে মাসে এর মিশন শেষ হওয়ার কথা থাকলেও তা একাধিকবার বাড়ানো হয়েছে।
জাহাজটি কবে দেশে ফিরবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি। তবে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, এর পরিবর্তে ইউএসএস জর্জ ওয়াশিংটন মোতায়েনের প্রস্তুতি চলছে।
খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে অভিযোগ
এপ্রিল মাসে রণতরিটির খাবারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা তৈরি হয়েছিল। নাবিকদের পরিবারের পক্ষ থেকে খাবারের মান, দুধসহ কিছু প্রয়োজনীয় পণ্যের ঘাটতি এবং দীর্ঘদিন বন্দরে না ভেড়ার বিষয়েও অভিযোগ করা হয়েছে।
এক নাবিকের স্বজনের দাবি, মিশন শুরুর পর ওই নাবিক প্রায় ২৯ কেজি ওজন হারিয়েছেন। পরিবারের সদস্যরা আরও জানান, দীর্ঘ সময় জাহাজে থাকা এবং স্থলভাগে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না পাওয়ায় নাবিকদের ওপর মানসিক চাপ বাড়ছে।
ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য মাইক লেভিনও ছত্রাকযুক্ত গোসলখানা, নষ্ট টয়লেট, কাপড় ধোয়ার ব্যবস্থা বন্ধ থাকা, গরম পানির সংকট এবং সাবান, ডিওডোরেন্ট ও টুথপেস্টের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির অভিযোগ তুলে ধরেছেন।
আত্মহত্যার চেষ্টা নিয়ে অভিযোগ
বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ দুই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, চলতি মাসের শুরুতে একজন নাবিক জাহাজ থেকে পানিতে ঝাঁপ দেন। পরে হেলিকপ্টারের সাহায্যে তাঁকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়।
এদিকে Military Times ও Stars and Stripes-এর প্রতিবেদনে পরিবারের সদস্যদের বরাতে বলা হয়েছে, একাধিক নাবিক জাহাজ থেকে পানিতে ঝাঁপ দেওয়ার কথা ভেবেছেন।
তবে মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, জাহাজে আত্মহত্যার চিন্তা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা বেড়ে যাওয়ার কোনো তথ্য তারা পায়নি।
নৌবাহিনীর বক্তব্য
নৌবাহিনী জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের প্রচলিত রসদ সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছিল। বর্তমানে জাহাজে অতি জরুরি রসদ পৌঁছানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এক কর্মকর্তা বলেন, খাবার, এরপর পরিচ্ছন্নতার সামগ্রী এবং চিঠিপত্র পৌঁছানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাঁর দাবি, জাহাজে বিশুদ্ধ পানির নিরবচ্ছিন্ন সরবরাহ, সচল শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও রণতরিটির পরিস্থিতি নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনকে ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, দীর্ঘ মিশনে থাকা নাবিকদের প্রতি তাঁর গভীর সম্মান ও কৃতজ্ঞতা রয়েছে এবং সরকার প্রতিটি জাহাজ ও নাবিককে প্রয়োজনীয় সুবিধা ও সরঞ্জাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
দীর্ঘ সময় সমুদ্রে থাকার প্রভাব
মার্কিন নৌবাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি সমুদ্রযাত্রার প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে ৯৫৬ জন নাবিকের ওপর পরিচালিত একটি গবেষণায় জাহাজে কর্মরত নৌসদস্যদের মধ্যে গুরুতর মানসিক চাপের বিষয়টি উঠে আসে।
গবেষণায় নিম্নমানের জীবনযাপন, অবিরাম বিকট শব্দ, অতিরিক্ত কাজের চাপ এবং পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের অভাবকে মানসিক চাপের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।
ইউএসএস আব্রাহাম লিংকনের দীর্ঘ মিশন ঘিরে সাম্প্রতিক অভিযোগের পর প্রশ্ন উঠছে—দীর্ঘ সময় ধরে বিমানবাহী রণতরিতে একটানা সামরিক অভিযান পরিচালনার পাশাপাশি নাবিকদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা কতটা সম্ভব।