দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে নয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের মধ্যে এসব কার্গো আমদানি করা হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৯তম সভায় এ আমদানির চূড়ান্ত মূল্য প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তি অনুযায়ী, এশিয়ার এলএনজি বাজারের মানদণ্ড জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দামের তুলনায় প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ০.১০ ডলার কম দামে গ্যাস কেনা হবে। উভয় পক্ষের সম্মতিতে কার্গোর সংখ্যা বাড়ানো বা কমানো যাবে।
এদিকে, দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বিপি সিঙ্গাপুর, সাহারা এনার্জি রিসোর্সেস ও শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি সংগ্রহের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
একই সঙ্গে সরকারি ক্রয় আইন-২০০৬ ও সরকারি ক্রয়বিধি-২০২৫ অনুসরণ করে চেনিয়ার মার্কেটিং ইন্টারন্যাশনাল এবং ট্রাফিগুরার কাছ থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে এলএনজি সংগ্রহেরও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।