১৮ বছর ৩৪৬ দিন বয়সে অধ্যাপক হিসেবে যোগ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন নাথান থমাস

যুক্তরাষ্ট্রের তরুণ প্রকৌশলী ও শিক্ষক নাথান থমাস (Nathan Thomas) বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ অধ্যাপক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Records) স্থান করে নিয়েছেন। মাত্র ১৮ বছর ৩৪৬ দিন বয়সে তিনি ফ্লোরিডার মায়ামি ডেড কলেজে (Miami Dade College) প্রকৌশল বিষয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়ে এই রেকর্ড গড়েন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এর আগে এই রেকর্ডটি ৩০৬ বছর ধরে ধরে রেখেছিলেন স্কটিশ গণিতবিদ কলিন ম্যাকলরিন (Colin Maclaurin)। তিনি ১৯ বছর বয়সে অধ্যাপক হয়েছিলেন।

নাথান থমাস বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ নারী অধ্যাপক আলিয়া সাবুরের (Alia Sabur) রেকর্ডধারী বয়সের চেয়েও ১৬ দিন কম বয়সে অধ্যাপক হয়েছেন। আলিয়া সাবুর ২০০৮ সালে ১৮ বছর ৩৬২ দিন বয়সে অধ্যাপক হয়েছিলেন।

২০২৩ সালের আগস্টে নাথান মায়ামি ডেড কলেজে ‘C for Engineers (COP 2270)’ কোর্স পড়ানো শুরু করেন। তিনি জানান, শ্রেণিকক্ষে বয়স নয়, শেখার আগ্রহই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, শিক্ষার্থীরা শেখার উদ্দেশ্যেই ক্লাসে আসে, তাই বয়স কখনোই বড় বিষয় হয়ে ওঠে না।

নাথান বলেন, শিক্ষকতা করার সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো যখন কোনো শিক্ষার্থী কঠিন একটি বিষয় হঠাৎ করেই বুঝে ফেলতে পারে। তিনি শিক্ষার্থীদের সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করেন এবং বিশ্বাস করেন, শেখার জন্য আন্তরিক প্রচেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মাত্র ১০ বছর বয়সে নাথান মায়ামি ডেড কলেজে ডুয়াল এনরোলমেন্ট প্রোগ্রামে ভর্তি হন। পরে ১৪ বছর বয়সে তিনি ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (Florida International University) ভর্তি হন এবং পরবর্তী চার বছরের মধ্যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

প্রকৌশলী পরিবারের সন্তান নাথান জানান, ছোটবেলা থেকেই গণিত তাঁর কাছে সহজ মনে হতো। বিশেষ করে তাঁর মা জটিল বিষয়গুলো সহজভাবে বোঝাতে পারতেন, যা তাঁর শেখা ও পরবর্তী শিক্ষকতা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সূত্র: Guinness World Records, People Magazine.