কেউ হয়তো আপনার সামনেই একটি কথা বললেন, পরে সেটি অস্বীকার করে বললেন, ‘আমি কখনো এমন বলিনি, তুমি ভুল মনে রেখেছ।’ বারবার এমন হলে নিজের স্মৃতি ও বিচারবুদ্ধির ওপরই সন্দেহ জাগে। মনোবিজ্ঞানে এই আচরণকে বলা হয় গ্যাসলাইটিং।
মেরিয়াম-ওয়েবস্টার অভিধান অনুযায়ী, এটি দীর্ঘ সময় ধরে কাউকে এমনভাবে মানসিকভাবে প্রভাবিত করা, যাতে তিনি নিজের চিন্তা, বাস্তবতার ধারণা বা স্মৃতির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এর ফলে বিভ্রান্তি, আত্মবিশ্বাস ও আত্মসম্মান হারানো, নিজের মানসিক স্থিতি নিয়ে অনিশ্চয়তা এবং কারসাজিকারীর ওপর নির্ভরতা তৈরি হতে পারে।
১৯৩৮ সালে ব্রিটিশ নাট্যকার প্যাট্রিক হ্যামিল্টন ‘গ্যাস লাইট’ নামে একটি নাটক লেখেন। তাতে এক স্বামী স্ত্রীকে বিশ্বাস করাতে চায় যে তিনি পাগল হয়ে যাচ্ছেন। ঘরের গ্যাসবাতি ম্লান হয়ে যাওয়ার কথা সে অস্বীকার করে, অথচ চিলেকোঠায় তার নিজের কাজের কারণেই বাতিগুলো ম্লান হতো। নাটকটি নিয়ে ১৯৪০ ও ১৯৪৪ সালে চলচ্চিত্র তৈরি হয়। ১৯৪৪ সালের ছবিতে অভিনয় করে ইনগ্রিড বার্গম্যান অস্কার পান।
২০২২ সালে মেরিয়াম-ওয়েবস্টার ‘গ্যাসলাইটিং’-কে বর্ষসেরা শব্দ ঘোষণা করে। সেই বছর শব্দটির খোঁজ ১ হাজার ৭৪০ শতাংশ বেড়েছিল। প্রতিষ্ঠানটির মতে, বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মাধ্যম বাড়ায় শব্দটি এখন প্রতারিত হওয়ার অনুভূতি বোঝাতে সবচেয়ে প্রচলিত শব্দ হয়ে উঠেছে।
গ্যাসলাইটিং শুধু রোমান্টিক সম্পর্কে নয়, বন্ধু, বাবা-মা ও সন্তান, এমনকি শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যেও ঘটতে পারে। ‘তুমি অতিরিক্ত ভাবছ’ বা ‘তুমি বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছ’ জাতীয় কথা এর সাধারণ উদাহরণ, বিশেষ করে যখন কোনো ক্ষতিকর ঘটনা ঘটছে।
শব্দটি এখন অনেক সময় ভুলভাবে ব্যবহৃত হয়। সাধারণ মতভেদ বা ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্যাসলাইটিং নয়। অনেক মনোবিজ্ঞানী একে উদ্দেশ্যপ্রণোদিত আচরণের একটি ধরন বলে মনে করেন, যা নির্দিষ্ট লক্ষ্য হাসিলের জন্য করা হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডমেস্টিক ভায়োলেন্স হটলাইন একে মানসিক নির্যাতনের অত্যন্ত কার্যকর একটি রূপ বলেছে। এমন পরিস্থিতিতে ঘটনাগুলো লিখে রাখা, বিশ্বস্ত কারও সঙ্গে কথা বলা এবং প্রয়োজনে মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞের সহায়তা নেওয়া সহায়ক হতে পারে।
নিজের অনুভূতি ও স্মৃতিকে সন্দেহ করার আগে বোঝা দরকার, প্রতিটি মতভেদই কারসাজি নয়। কিন্তু বারবার একই ধরনের অস্বীকার ও দোষারোপ হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।
Follow For More
মনোবিজ্ঞান, সমাজ ও অর্থনীতির আরও সহজ ও তথ্যবহুল লেখা পড়তে ভিজিট করুন DBN-এর ওয়েবসাইট
সূত্র
মেরিয়াম-ওয়েবস্টার,সিএনএন/এবিসি,অ্যাসোসিয়েটেড প্রেস (হুররিয়েত ডেইলি নিউজ),আইহার্ট রেডিও,মেন্টাল ফ্লস