মজার ইশকুলের বাৎসরিক ইফতার ২০২৬ অনুষ্ঠিত

মজার ইশকুলের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ঢাকায় বাৎসরিক ইফতার ২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। প্রায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও তাদের স্পন্সরদের উপস্থিতিতে আয়োজনটি এক হৃদ্যতাপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ। তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকারের পাশাপাশি এ ধরনের বেসরকারি উদ্যোগ দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকারের উচিত এসব প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো এবং তাদের কার্যক্রমকে আরও সম্প্রসারণে সহায়তা করা। তিনি আশা প্রকাশ করেন, মজার ইশকুলের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সঙ্গে ইফতার করেন। তিনি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আউয়াল এবং অ্যাকশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উপস্থিত অতিথিরা মজার ইশকুলের শিক্ষা ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে প্রতিষ্ঠানটির অব্যাহত উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেন।