বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের নোট মুদ্রণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ১,০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে প্রচলনে এসেছে। এর ধারাবাহিকতায় গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইনের ১০ টাকার নোটটি প্রথমবারের মতো ইস্যু করা হবে।
প্রাথমিকভাবে নতুন ১০ টাকার নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে বিতরণ করা হবে। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটটি পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটটির আকার ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার।
নোটের সম্মুখভাগে বাম পাশে রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার চিত্র। পেছন ভাগে মুদ্রিত হয়েছে ‘গ্রাফিতি ২০২৪’-এর চিত্র। নোটটির রঙে গোলাপির আধিক্য লক্ষ্য করা যাবে।
নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখের জলছাপ, ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০’, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম, রং পরিবর্তনশীল নিরাপত্তা সুতা, See-Through ইমেজ ও মাইক্রোপ্রিন্ট। নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে।
FAQ
প্রশ্ন ১: নতুন ১০ টাকার নোট কবে বাজারে আসবে?
উত্তর: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি থেকে।
প্রশ্ন ২: নতুন নোটে কোন স্থাপনার ছবি রয়েছে?
উত্তর: বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
প্রশ্ন ৩: পুরোনো নোট কি বাতিল হয়ে যাবে?
উত্তর: না, বর্তমানে প্রচলিত সব নোট ও মুদ্রা বৈধ থাকবে।
অর্থনীতি ও ব্যাংকিং সংক্রান্ত সর্বশেষ খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন।